সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯
সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সোমবার (১২ অক্টোবর) থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন।

এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, ১২ অক্টোবর থেকে সারা দেশে একযোগে থানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা যাচাই করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবার বেশি সহায়তার প্রয়োজন রয়েছে, তা নির্ধারণ করা হবে।

এ কারণে তথ্য সংগ্রহকারীদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির প্রচারণায় বিশেষভাবে সতর্ক করা হয়েছে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কাউকে কোনো অর্থ দিতে হবে না। কেউ কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করলে তা বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণার মাধ্যমে এসব বিষয়ে মুসল্লিদের সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে দুই মিনিটের ঘোষণার মাধ্যমে প্রকৃত তথ্য দেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে। একই সঙ্গে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে তথ্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ না পড়েন, সে বিষয়ে প্রতিবেশীদের সহযোগিতার আহ্বান জানানো হবে।

প্রচারণার বার্তায় আরও বলা হয়েছে, তথ্য সংগ্রহের নামে কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সরকারের এ উদ্যোগের উদ্দেশ্য হলো পরিবারগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে তথ্যভাণ্ডার তৈরি করা এবং সহায়তার প্রয়োজন রয়েছে এমন পরিবারগুলোকে শনাক্ত করা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য