প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ



রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি উদ্ধার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল।


শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।


তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।


পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ককটেল নিক্ষেপের পর ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান।


ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অবিস্ফোরিত ককটেলটি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল নিরাপদ পদ্ধতিতে নিষ্ক্রিয় করে।


উপকমিশনার ইবনে মিজান জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি তাঁদের চলাচলের পথও খতিয়ে দেখা হচ্ছে।


তিনি বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।


তবে কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য