জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি অক্টোবরের শেষ দিকে তাঁর এই সফর হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন প্রধানমন্ত্রী। তবে সফরের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের পরিকল্পনা রয়েছে এবং এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তবে তিনি সফরের নির্দিষ্ট তারিখ নিশ্চিত করেননি।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।
একই সময়ে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।
জাপানের আমন্ত্রণের জবাবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।