পৌরসভার অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছাগল পরিবহন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৬:২০
পৌরসভার অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছাগল পরিবহন


রোগী পরিবহনের জন্য ব্যবহৃত মোংলা পোর্ট পৌরসভার একটি অ্যাম্বুলেন্সে ছাগল বহনের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে কয়েকটি ছাগল পৌরসভার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময় ঘটনাটি একজন ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, অ্যাম্বুলেন্সটির চালক মো. শরীফুল এর আগেও টাকার বিনিময়ে ছাগল পরিবহন করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে শরীফুল দাবি করেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটিই প্রথম। এ জন্য তিনি কোনো অর্থও নেননি বলে জানান।

ছাগল ব্যবসায়ী মো. রশিদ বলেন, চুকনগর থেকে ছাগল কিনে খুলনার জিরো পয়েন্টে পৌঁছানোর পর মোংলায় ফেরার জন্য কোনো যানবাহন পাচ্ছিলেন না। পরে মোংলা থেকে রোগী নিয়ে খুলনায় আসা অ্যাম্বুলেন্সটি ফেরার সময় তিনি সেটিকে থামান এবং ছয়টি ছাগল মোংলায় নিয়ে যান।

এ জন্য অ্যাম্বুলেন্স চালককে কোনো টাকা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

ঘটনাটি সামনে আসার পর পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) অ্যাম্বুলেন্স চালক শরীফুলের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য