কুষ্টিয়ার ভেড়ামারা থানা এলাকা জুড়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভেড়ামারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকের বিস্তার রোধে এ অভিযান চালানো হয়। অভিযানে ভেড়ামারার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডঃ গাজী আশিক বাহারের নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভেড়ামারা উপজেলা সহকারি কমিশনার ভূমি ডাঃ
গাজী আশিক বাহার জানান , ভেড়ামারাকে মাদকমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।