কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক ইউপি সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক অটোরিকশা চালক কে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশের উপস্থিতিতেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে ঘটনাস্থলেই বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগেরও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ, হামলায় জড়িতদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বাঙ্গোরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বলেন, এ বিষয়ে গতকাল থানা একটি মামলা হয়েছে এখন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে।