‘সত্যের পক্ষে, মানুষের পাশে’—এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ‘দৈনিক সমাচার’-এর ৫০ বছর পদার্পণ (সুবর্ণজয়ন্তী বর্ষ) উদযাপিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে গাজীপুর ডাকবাংলো ভবন, শ্রীপুরে এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৭৬ সালে যাত্রা শুরু করা দৈনিক সমাচার ২০২৬ সালে গৌরবময় ৫০ বছরের পদার্পণে পা রেখেছে। দীর্ঘ এই পথচলায় পত্রিকাটি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অগণিত পাঠকের আস্থা অর্জন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, “সংবাদপত্র রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরে। দৈনিক সমাচারের ৫০ বছরের পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।” তিনি সত্য প্রকাশের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান রক্ষার ওপর গুরুত্বারোপ করে পত্রিকাটির আগামী দিনের পথচলার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
প্রধান মেহমান ডা. শফিকুল ইসলাম বলেন, “একটি সংবাদপত্রের ৫০ বছর টিকে থাকা সহজ বিষয় নয়। এর পেছনে রয়েছে পাঠকের ভালোবাসা, সাংবাদিকদের শ্রম, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা। সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। মানুষের অধিকার, ন্যায়বিচার ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সাহসী ভূমিকা পালন করতে হবে।”
প্রধান আলোচক খোকন প্রধান বলেন, “শ্রীপুরের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ আলোচক শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক সমাচারের ৫০ বছরের গৌরবময় পথচলা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
দৈনিক সমাচারের গাজীপুর জেলা প্রতিনিধি ও অনুষ্ঠানের আয়োজক আশরাফুল আলম সরকার বলেন, “৫০ বছরের এই গৌরবময় অর্জন শুধু একটি সংবাদপত্রের নয়; এটি পাঠক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। সকলের সহযোগিতা নিয়ে দৈনিক সমাচার আগামী দিনেও সত্যের পক্ষে থেকে মানুষের কথা তুলে ধরবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের ১৯৯০-এর সাধারণ সম্পাদক আব্দুছ সালাম রানা, বিশিষ্ট সমাজসেবক কতুব উদ্দিন, এবং সাংবাদিক কবির সরকার, আব্দুল লতিফ মাস্টার, রাতুল মন্ডল, আনন্দ টিভি শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আদনান মামুন, আবুল কালাম আজাদী, আনোয়ার খান, কামরুল মন্ডল, জহির খান, এরশাদ হোসাইন, মোমেন আকন্দ, আনোয়ার হোসেন, ফরহাদ রহমান, উসমান গনি, মোফাজ্জল হোসেন, সামি, নাঈম হোসাইন, আল আমিন খান, সুমন গাজী, রুবেল মিয়া, মহসিন মিয়া, আছলাম হোসেন, আশিকুর রহমান সবুজ, সবুজ মিয়া, ছোট নাঈম সরকার ও সোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও উপস্থিত সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেক কাটা হয়। এ সময় সবাই একে অপরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
৫০ বছরের পথচলা, এগিয়ে চলার প্রত্যয়—সত্যের পক্ষে, মানুষের পাশে।