রাজধানীর কাকরাইল মোড়ে দীর্ঘদিন আগে দোকানের পজিশন কিনে মোটরসাইকেলের ব্যবসা পরিচালনা করে আসছেন আলহাজ আবদুল হালিম। প্রায় ৩০ বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে নিজের দোকানেই ব্যবসা পরিচালনা করতে পারছেন না তিনি। দোকানের তালা ভেঙে জোরপূর্বক দখল, মালামাল সরিয়ে নেওয়া, আর্থিক ক্ষতিসাধন এবং নতুন করে দোকান সাজানোর কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ডা. সোহান ও তাঁর চাচা নুরুল রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
আলহাজ আবদুল হালিমের অভিযোগ, রাজধানীর ২৮/এ কাকরাইল রোডের একটি ভবনের নিচতলায় 'কর্ণফুলী মোটরস' ও ‘মটরসাইকেল বিতান’ নামে দোকানের পজিশন কিনে তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল বিক্রির ব্যবসা পরিচালনা করে আসছেন। এ পজিশন কেনার বিষয়ে সাজিদুর রহমান ওরফে সাজ্জুর সঙ্গে তাঁর আর্থিক লেনদেন ও সমঝোতা হয়েছিল।
১৯৯২ সালে এক লাখ টাকা এবং পরবর্তী সময়ে ১৯৯৮ সালে আরও তিন লাখ টাকাসহ সর্বমোট চার লাখ টাকার বিনিময়ে দোকানের পজিশন কেনার বিষয়টি উঠে এসেছে। এ সংক্রান্ত একটি লিখিত অঙ্গীকারপত্রও রয়েছে তাঁর কাছে, যেখানে উভয় পক্ষের স্বাক্ষর রয়েছে।
হালিমের দাবি, বৈধ সূত্রে দোকানের পজিশন কেনার পর তিনি সেখানে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু একপর্যায়ে সাজিদুর রহমান ও তাঁর ছেলে ডা. সোহান রাতের আঁধারে দোকানের তালা ভেঙে জোরপূর্বক দখল করে নেন। ওই সময় দোকানে ১৩টি নতুন মোটরসাইকেল, বিভিন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশ ও হেলমেট ছিল। অভিযোগ অনুযায়ী, দোকান দখলের সময় এসব মোটরসাইকেল ও মালামাল সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে আবদুল হালিম পল্টন থানা পুলিশের সহায়তা ও হস্তক্ষেপে সরিয়ে নেওয়া মোটরসাইকেলগুলো ক্ষতিগ্রস্ত ও ভাঙা অবস্থায় উদ্ধার করে ফিরে পান বলে দাবি করেন। তবে তাঁর অভিযোগ, আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের মোটরসাইকেলের যন্ত্রাংশ ও হেলমেট এখনো ফেরত পাননি। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এদিকে, বিরোধের জেরে নতুন করে আরেকটি দোকান সাজানোর কাজেও বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন হালিম। তাঁর দাবি, প্রায় ৪০ বছর আগে কেনা পজিশনের আরেকটি দোকান ডেকোরেশনের কাজ শুরু করলে ডা. সোহান ও তাঁর চাচা নুরুল রহমান লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন। এতে করে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিজের ব্যবসা পরিচালনার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন।
আবদুল হালিমের অভিযোগ, দীর্ঘদিনের আর্থিক লেনদেন, লিখিত অঙ্গীকারপত্র এবং দোকানের পজিশন কেনার পরও তাঁকে বারবার নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। বর্তমানে নিজের কেনা দোকানে ব্যবসা পরিচালনা করতে না পারায় তিনি চরম বিপাকে রয়েছেন।
এ অবস্থায় দোকানের দখল ও ব্যবসা পরিচালনার অধিকার নিশ্চিত করা, সরিয়ে নেওয়া মালামাল ফেরত পাওয়া এবং আর্থিক ক্ষতির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আলহাজ আবদুল হালিম।
তবে অভিযোগের বিষয়ে ডা. সোহান, নুরুল রহমান ও সাজিদুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।