রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওয়্যারহাউসের সামনে পার্ক করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটির কাচ ভেঙে যায়। ঘটনার পরপরই মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন জড়িত ব্যক্তিরা। এ সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানা-পুলিশ।
আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।২