রাজধানীর দক্ষিণখানে মাদক কারবার কেন্দ্র করে সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণখানের জয়নাল মার্কেট সংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে।
নিহত সোনিয়া বেগম দক্ষিণখানের ফায়দাবাদ গোলটেক এলাকার মো. হাসমত আলী ও হাক্কানী বেগমের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকাটিতে মাদক কারবারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা কয়েকজন মাদক কারবারি সোনিয়া বেগমের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও আহত হন।
ঘটনার পর স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢামেকে নিয়ে যাওয়ার পথেই সোনিয়া বেগমের মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, রেলগেট সংলগ্ন 'আলফাত ওরফে ঠোঁট কাটা আলতাফ'-এর বস্তির মাদক কারবারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
ঘটনার পরপরই দক্ষিণখান থানা ও উত্তরা পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন জানান, উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন এলাকায় একটি মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।