সময় বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা!

দে
এলেন বিশ্বাস
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১৩:১৬
সময় বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা!


রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ব্যস্ততম সড়ক পারাপারে প্রতিনিয়ত চরম ঝুঁকি নিচ্ছেন পথচারীরা। মাথার ওপর দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও সেটি ব্যবহার না করে চলন্ত গাড়ির সামনে দিয়েই রাস্তা পার হচ্ছেন সিংহভাগ মানুষ। এতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, পাশাপাশি ব্যাহত হচ্ছে যানবাহনের স্বাভাবিক গতি।


রেলগেট ও বাস বাসস্ট্যান্ডের সংযোগস্থল হওয়ায় আজমপুর পয়েন্টে পথচারীদের চাপ থাকে প্রতিদিন। পথচারীদের নিরাপদে পারাপারের জন্য এখানে আধুনিক ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তা ব্যবহারে চরম অনাগ্রহ দেখা গেছে। শুধু আজমপুর নয়, উত্তরার রাজলক্ষ্মী, জসিমউদ্দীন ও বিমানবন্দর (এয়ারপোর্ট) গোলচত্বর এলাকা ঘুরেও একই বিপজ্জনক চিত্র চোখে পড়ে।


সরেজমিনে আজমপুর এলাকায় দেখা যায়, মানুষ সিঁড়ি ডিঙিয়ে উপরে ওঠার বদলে সড়কের বিভাজক (ডিভাইডার) টপকে অথবা চলন্ত বাসের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন। এতে দ্রুতগামী গাড়িগুলোকে হঠাৎ ব্রেক কষতে হচ্ছে, যা থেকে প্রায়ই পেছনের গাড়ির সাথে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।


আজমপুর ফুটওভার ব্রিজের নিচে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়া উত্তরার বাসিন্দা ও চাকরিজীবী তানভীর আহমেদ বলেন, ব্রিজে উঠতে গেলে ওপর-নিচ মিলে অনেকটা সময় নষ্ট হয় আর শরীরও ক্লান্ত লাগে। তাই দ্রুত গন্তব্যে পৌঁছাতে নিচ দিয়েই পার হয়ে যাই। জানি ঝুঁকি আছে, তবে অভ্যেস হয়ে গেছে।


অন্যদিকে ফুটওভার ব্রিজ ব্যবহারকারী এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, সামান্য একটু সময় বাঁচাতে মানুষ যেভাবে চলন্ত গাড়ির সামনে লাফিয়ে পড়ে, তা দেখলে সত্যি ভয় লাগে। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠলেই তো জীবনটা নিরাপদ থাকে। নিজেদের সচেতনতা না থাকলে সরকার শুধু ব্রিজ বানিয়ে কী করবে?


পথচারীদের এই নিয়ম ভাঙার প্রবণতা ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উত্তরার আজমপুরে কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত হ্যান্ডমাইক দিয়ে পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ করি। কিন্তু মানুষ সিগন্যাল না মেনে হুটহাট রাস্তার মাঝখানে চলে আসে। অনেক সময় বড় দুর্ঘটনার হাত থেকে তাদের বাঁচাতে গিয়ে পুরো সড়কের ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য করতে ডিভাইডারগুলোতে উঁচু গ্রিল দেয়া এবং আইনি কড়াকড়ি আরোপ করা প্রয়োজন।


সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে কেবল যানবাহন চালকদের সতর্ক থাকলেই চলবে না, পথচারীদের মধ্যেও আইন মানার প্রবণতা তৈরি হতে হবে। সময় বাঁচানোর চেয়ে জীবনের মূল্য যে অনেক বেশি উত্তরার আজমপুরসহ রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে এই মানসিকতা গড়ে তোলা এখন জরুরি হয়ে পড়েছে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য