জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ৮টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যান তারেক রহমান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ ছাড়া সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।