নতুন বেতনকাঠামোয় এমপিও শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬
নতুন বেতনকাঠামোয় এমপিও শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়


সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন হারে বেতন পাবেন, তা এখনো নির্ধারিত হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ করতে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর আওতায় অক্টোবরের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া অর্থও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে পৃথক আদেশ প্রয়োজন হওয়ায় তাঁদের আরও অপেক্ষা করতে হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর আওতায় আনতে অর্থ বিভাগ থেকে আদেশ জারি করতে হবে।

এ বিষয়ে অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন, আদেশটি কবে জারি হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারণ, এ জন্য কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ হতে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এটি চূড়ান্ত সময়সীমা নয়।

বর্তমানে দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিও সুবিধার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এমপিও বা মান্থলি পে অর্ডার ব্যবস্থার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার নিয়মিত আর্থিক অনুদান দেয়। বর্তমানে তাঁরা মূল বেতনের শতভাগের পাশাপাশি নির্ধারিত কিছু ভাতা পান।

নতুন বেতনকাঠামো কার্যকর হলে তাঁদের মূল বেতন বাড়বে। এর সঙ্গে মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত বাড়িভাড়ার পরিমাণও বাড়ার কথা রয়েছে।

গত বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তাঁরা মাসে এক হাজার টাকা বাড়িভাড়া পেতেন।

নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে।

এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও তাঁদের বিদ্যমান গ্রেড অনুযায়ী নতুন কাঠামোর সুবিধা পাবেন। উদাহরণ হিসেবে বেসরকারি কলেজের প্রভাষকেরা নবম গ্রেড অনুযায়ী মূল বেতন পাবেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন বেতনকাঠামোর মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে তিন ধাপে কার্যকর করার কথা রয়েছে। আর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতাগুলো একযোগে কার্যকরের পরিকল্পনা রয়েছে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দ্রুত নতুন বেতনকাঠামোর আওতায় আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলেন, শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় আলোচনা অব্যাহত রয়েছে।

তবে অর্থ বিভাগের আদেশ জারি না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন হারে বেতন পাওয়ার নির্দিষ্ট তারিখ নিশ্চিত করা যাচ্ছে না।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য