সৌদি আরবে হামলা ও ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার সুরক্ষা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আজহারী।
পোস্টে তিনি লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো।’
মক্কা ও মদিনার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে আজহারী বলেন, এই দুই নগরী শুধু ভৌগোলিক স্থান নয়, বরং বিশ্বের মুসলমানদের আবেগ, ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।
সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত বেদনাদায়ক।
পোস্টে পবিত্র ভূমির মর্যাদা ও নিরাপত্তা রক্ষার গুরুত্বও তুলে ধরেন আজহারী। তাঁর মতে, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এসব স্থানের পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করা অত্যন্ত গুরুতর বিষয়।
ফেসবুক পোস্টের শেষাংশে মহান আল্লাহর কাছে মক্কা ও মদিনাকে সব ধরনের বিপদ ও অনিষ্ট থেকে রক্ষা করার প্রার্থনা জানান তিনি।
আজহারীর বক্তব্যে পবিত্র দুই নগরীর নিরাপত্তার পাশাপাশি সেখানে অবস্থানরত মুসল্লি ও ওমরাহযাত্রীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।