শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এবং ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়াও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ২৫ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।
ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি পরিষেবাগুলো চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।