বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ধরনের তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় সংস্থাটি।
বিবৃতিতে আইএসপিআর জানায়, সম্প্রতি বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে মনে করছে সংস্থাটি।
এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর।
বিবৃতিতে আরও বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধ রয়েছে।
দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
একই সঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কে কোনো তথ্য জানার বা প্রচারের আগে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।