সাভারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ময়লার ভাগাড়ে সবুজ বাগান উদ্বোধন

দে
কাউসার আহমেদ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১
সাভারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ময়লার ভাগাড়ে সবুজ বাগান উদ্বোধন


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাভারের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস। এরই মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ময়লার স্তূপ সরিয়ে গড়ে তোলা দৃষ্টিনন্দন সবুজ বাগান ও পরিবেশ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাভার ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় ফেরার পথে আমিনবাজারের ভাঙ্গাব্রিজ এলাকায় ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে তোলা এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।


এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মুরাদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমানসহ ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের ডিআইজি, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রকল্পটির প্রশংসা করে প্রধানমন্ত্রী দেশের সব জেলা প্রশাসককে নিজ নিজ এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, সেগুলো পরিষ্কার করে সুন্দর পরিবেশ গড়ে তুলতে সদিচ্ছা প্রয়োজন। জেলা প্রশাসকরা উদ্যোগ নিলেই খালি জায়গায় এ ধরনের দৃষ্টিনন্দন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এতে পরিবেশের উন্নয়ন হবে।


ঢাকা জেলা প্রশাসককে উদ্দেশ করে প্রধানমন্ত্রী আরও বলেন, মহাসড়কের পাশে থাকা কলকারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের প্রতিষ্ঠানের সীমানার মধ্যে গাছ লাগানো ও বাগান তৈরির উদ্যোগ নিতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি সময় লাগবে না।


এর আগে সকালে সাভার ক্যান্টনমেন্টে সাতটি ইউনিটকে পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ঢাকা ফেরার পথে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাভারের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাস দেখা যায়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য