আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের দাবি, প্রশাসনকে স্মারকলিপি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯
আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের দাবি, প্রশাসনকে স্মারকলিপি


পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়দের পক্ষে ছাত্রদল নেতারা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহন।

আগামী ২১ অক্টোবর উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ওয়াজ মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণ করা হলে স্থানীয় পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহন বলেন, “আমরা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নই। আমাদের দাবি, ধর্মীয় মঞ্চে যেন রাজনৈতিক বা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া না হয়।”

তিনি আরও বলেন, ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় মাহফিলকে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণ থেকে মুক্ত রাখার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

স্মারকলিপিতে মাহফিলের বক্তব্য কোরআন-হাদিসের আলোচনা ও ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য বন্ধ করা এবং এ বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য