ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে কীভাবে বৈঠক করলেন, তা নিয়ে ভারত সরকারের কাছে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকের উদ্দেশ্য এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানতে চেয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, দিল্লির কূটনীতিকরা দাবি করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করে না। তাহলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে কীভাবে বৈঠক করলেন? ভারত সরকারের সম্মতি ছাড়া ইমিগ্রেশন কর্মকর্তারা এমন বৈঠকের সুযোগ দিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রিজভীর অভিযোগ, দেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনার হিংসা ও প্রতিশোধপরায়ণতা কমেনি। বিদেশে বসে পাচার করা অর্থ পাঠিয়ে দেশে অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে। বিএনপি নেতা-কর্মী ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া এবং নড়াইল ও ভাঙ্গায় হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
পলাতক শেখ হাসিনা বাংলাদেশকে আবারও গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা গুম ও ক্রসফায়ার পছন্দ করতেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক নীতিতে পরিস্থিতি মোকাবিলা করছেন।
বিদেশি গণমাধ্যমেও শেখ হাসিনাকে ঘিরে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে প্রতিবেদন প্রকাশ হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের হত্যাকারী এবং আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টকারীদের বাংলার মাটিতে জায়গা হবে না। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হবে বলে জানান তিনি।