‘গণহত্যায় মদদ’ দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: রাশেদ খান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮
‘গণহত্যায় মদদ’ দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: রাশেদ খান


মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘বীর’ হিসেবে আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কার্যত ২০২৪ সালের গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতের আমির আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে শেখ হাসিনাকেও এর আওতায় ক্ষমা করে দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্ন তোলেন রাশেদ খান।

বর্তমানে যারা মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে অবস্থান নিচ্ছেন, ভবিষ্যতে তারা শেখ হাসিনার পক্ষেও অবস্থান নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রাশেদ খান বলেন, ১৯৭১ সালের গণহত্যায় সহযোগিতার অভিযোগ থাকার কারণে ২০২৪ সালের ঘটনাগুলো দলটির কাছে গুরুত্বহীন হয়ে উঠেছে কি না, সে প্রশ্নও রয়েছে।

তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগে মামলা হওয়া উচিত। এমন মামলা হলে জামায়াতে ইসলামী কী অবস্থান নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

একই সঙ্গে জামায়াতে যোগ দেওয়ার কারণে আখতারুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো উপেক্ষিত হয়ে যাচ্ছে কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

পোস্টের শেষ দিকে রাশেদ খান প্রশ্ন করেন, জামায়াতে ইসলামী কি ‘অপরাধীদের পুনর্বাসন কারখানায়’ পরিণত হতে চায়?

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য