মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুই শিশুর বাবার পরিচয় পাওয়া গেছে। তার নাম ফিরোজ খান রনি। তবে শিশুদের ব্যবহার করে ভিক্ষা করা এবং অতীতে সহায়তা হিসেবে পাওয়া সম্পদ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
কালবেলার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে অভাব-অনটনের গল্প নিয়ে ফিরোজ খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখন তৎকালীন একজন মন্ত্রী ও ফরিদপুরের এক ব্যবসায়ী তাকে দুটি ব্যাটারিচালিত রিকশা কিনে দেন। অভিযোগ রয়েছে, সেই রিকশা দুটি বিক্রি করে দিয়ে ফিরোজ এখন সন্তানদের নিয়ে ঢাকায় ভিক্ষা করছেন।
ফিরোজ খানের বাড়ি ঝালকাঠিতে। ঢাকায় আসার আগে তিনি বরিশাল শহরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া থাকতেন। মেট্রোরেলের ভিডিওতে দেখা যাওয়া মেয়েশিশুটির নাম মরিয়ম আক্তার এবং ছেলেশিশুটির নাম নূর। তাদের বয়স আনুমানিক পাঁচ বছর।
বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন ফিরোজ। সাব্বিরের ভাষ্য অনুযায়ী, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ফিরোজ সন্তানদের বাসায় রেখে ভিক্ষা করতে যেতেন। তার অসহায়ত্বের গল্প ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে সহায়তা আসে।
সাব্বির খান বুধবার দুপুরে কালবেলাকে জানান, সহায়তা হিসেবে পাওয়া দুটি রিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়া দিয়েছিলেন। তবে পরে তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে কারাভোগের তথ্য জানতে পারেন তারা। সাব্বিরের দাবি, ফিরোজ তখন জানিয়েছিলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
সাব্বির আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে ফিরোজ দ্বিতীয় বিয়ে করেন। সেই সংসারও টেকেনি। পরে স্ত্রীকে মারধর করে সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন এবং যাওয়ার আগে রিকশা দুটি বিক্রি করে দেন। শিশুদের ব্যবহার করে ভিক্ষা চাওয়ার বিষয়টিও তার অভ্যাসে পরিণত হয়েছে বলে দাবি করেন সাব্বির।
তার ভাষ্য, ২০২৩ সালে শিশু দুটিকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে একটি দিবাযত্ন কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছিল। শিশু দুটির গানের গলা ভালো। তাদের বাবা ফিরোজও গান করেন এবং একসময় রিকশাচালকদের নিয়ে আয়োজিত গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
বরিশালের বটতলা এলাকার আরেক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের নিয়ে ফিরোজের অসহায়ত্বের গল্প প্রথমবার ভাইরাল হওয়ার পর চিত্রনায়িকা পরীমনি তাদের দায়িত্ব নিতে চেয়েছিলেন। তবে স্থানীয়দের অনাস্থার কারণে সে সময় ফিরোজকে ওই প্রস্তাবে রাজি হতে দেওয়া হয়নি।
তবে ফিরোজ খানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।