ত্যাগী ও পরীক্ষিত নেতা হয়েও মহানগর বিএনপির কমিটিতে উপেক্ষিত রফিকুল ইসলাম রাসেল, তৃণমূলে অসন্তোষ

দে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫
ত্যাগী ও পরীক্ষিত নেতা হয়েও মহানগর বিএনপির কমিটিতে উপেক্ষিত রফিকুল ইসলাম রাসেল, তৃণমূলে অসন্তোষ

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং লালবাগের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেলের নাম না থাকায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও কমিটিতে তাঁর স্থান না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।


গত ৮ নভেম্বর ২০২৬ ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে। তবে ঘোষিত কমিটিতে সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলের নাম না থাকায় তৃণমূলের অনেক নেতাকর্মী হতাশা প্রকাশ করেছেন।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা রফিকুল ইসলাম রাসেল ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন। পরবর্তী সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে দলের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। খালেদা জিয়ার আদালতে হাজিরার সময় টানা চার বছর দায়িত্ব পালনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালে এলাকার জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। রাজনৈতিক জীবনে ছয়বার কারাবরণ এবং পাঁচ বছর নয় মাস সাজাপ্রাপ্ত থাকার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং সাংগঠনিক দায়িত্ব পালনের পরও নতুন কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তাঁদের প্রশ্ন, দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করা একজন পরীক্ষিত নেতাকে কী কারণে কমিটিতে রাখা হলো না? নেতৃত্বের প্রয়োজনীয় যোগ্যতা ও সাংগঠনিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন তাঁর যথাযথ মূল্যায়ন হচ্ছে না?


এ বিষয়ে রফিকুল ইসলাম রাসেল গণমাধ্যমকে বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। দেশ ও দলের প্রয়োজনে দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত। দল ও দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে কখনো পিছপা হব না। দীর্ঘদিনের রাজপথের অনেক সাথি হয়তো আমাকে কমিটিতে না দেখে কষ্ট পেয়েছেন। তাঁদের উদ্দেশে বলতে চাই, দেশ ও দলের প্রয়োজনে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।”


এদিকে এহসান হক মিলন নামে এক বিএনপি কর্মী বলেন, “রফিকুল ইসলাম রাসেল ভাইয়ের দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আল্লাহ হয়তো ভাইয়ের জন্য আরও ভালো কিছু রেখেছেন। আল্লাহর ওপর ভরসা।”


নবগঠিত কমিটিতে রফিকুল ইসলাম রাসেলের অনুপস্থিতি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন তিনি নিজেই। তবে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা এখন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য