স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ



স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে বহাল রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বর্তমান পরিস্থিতির দায় সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে বলেও দাবি করেছেন তিনি।


সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের রাজনৈতিক পর্ষদের জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ।


তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন এবং দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। সংস্কার নিয়েও জনগণের সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে দাবি করেন তিনি।


নাহিদ বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী মূল বিষয় এড়িয়ে যান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই—এটি এখন জনগণের কাছে স্পষ্ট।


বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সংঘবদ্ধ জনতার সহিংসতা বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর দাবি, সরকার গঠনের পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হলেও প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। উল্টো ঘটনার শিকার ব্যক্তির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।


পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে। রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল ঠেকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হচ্ছে বলে দাবি করেন তিনি।


স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ বলেন, পুলিশের পদোন্নতি ও বদলির মতো বিষয়গুলো সরকারের ওপর নির্ভরশীল থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে।


স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিও জানান তিনি। নাহিদের অভিযোগ, নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সরকারের মন্ত্রী ও নির্বাচন কমিশনের বক্তব্যে সমন্বয় নেই।


জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সেখানে দেশের জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরার পরিবর্তে সরকার নিজেদের নির্বাচনী অঙ্গীকার ও প্রকল্পের কথা বলেছে বলে মন্তব্য করেন তিনি।


সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় কমিটিরও সমালোচনা করেন নাহিদ। তাঁর অভিযোগ, মৌলিক সংস্কারের পরিবর্তে সংশোধনের নামে জনগণের সংস্কারের আকাঙ্ক্ষাকে পাশ কাটানোর চেষ্টা চলছে।


সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বানের দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে তাঁর দল কঠোর কর্মসূচির দিকে যাবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য