প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, জাতীয় ঐক্যে দেবে দুই শর্ত

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, জাতীয় ঐক্যে দেবে দুই শর্ত


জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংলাপে জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করার পাশাপাশি অতীতে অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানাবে দলটি।


এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে রোববার দেশে ফিরে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।


বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তাঁরা সাড়া দেবেন। বৈঠকে প্রধানমন্ত্রী কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং চলমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা জানতে চাইবেন তাঁরা।


জাতীয় ঐক্যের জন্য দুটি শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং অতীতে অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাইতে হবে। এ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।


নাহিদ ইসলামের মতে, এই পদক্ষেপ নেওয়া হলে রাজনৈতিক দল ও জনগণের কাছে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার সদিচ্ছার বার্তা পৌঁছাবে। অন্যথায়, শুধু আওয়ামী লীগ ঠেকানোর উদ্দেশ্যে সাময়িক ঐক্য তৈরি করে পরে একদলীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।


তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরের বিষয়ে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব।


ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এনসিপি রাজপথে থাকবে উল্লেখ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে। এ ধরনের শক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবিলা অব্যাহত রাখার কথাও জানান তিনি।


এদিকে জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে ২৬ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য