প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানে দুই নেতা একান্তে আলোচনা করেন। বৈঠকে তাঁদের দুজন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আলোচনায় অতীতের মতো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দুই নেতা। পাশাপাশি দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক বিভেদ দূরে রেখে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।
বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলে সূত্র জানিয়েছে।
তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা আলোচনার পর সরকার বা বিরোধী দলের পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুই শীর্ষ নেতার এ সাক্ষাৎ সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সমঝোতার পথ তৈরি করবে, নাকি এটি কেবল সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে—এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।