বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে: স্পীকার

দে
আব্দুর রহিম
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে: স্পীকার


বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক সময়ের পরিক্রমায় আরও বিকশিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য।

​আজ (৫ নভেম্বর, ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত তিন দিনব্যাপী '৩০তম ইউএস ট্রেড শো-২০২৬'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে স্পীকার বলেন, তিন দশক ধরে অ্যামচ্যাম বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ট্রেড শো দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরালোভাবে উপস্থাপন করে। তিনি আরও জানান, এই প্রদর্শনী স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ম্যানুফ্যাকচারিং, শিক্ষা এবং কৃষিব্যবসা খাতে বিভিন্ন উদ্ভাবনী ধারণাকে তুলে ধরছে।

​বক্তব্যে স্পীকার দেশের জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে নতুন তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগ ও অনুসন্ধানের আহ্বান জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যামেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ কামাল হোসেন।

​উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রধান প্রদর্শনীটি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনৈতিক কর্মকর্তা, অ্যামচ্যামের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য