দেশে জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এর আগে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন অনিন্দ্য ইসলাম অমিত।
জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম। প্রতিবেশী দেশের সঙ্গে দামের বড় ব্যবধান থাকলে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকানো কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিকল্প না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হবে।
পরিস্থিতি অনুকূলে এলে জ্বালানি তেলের দাম বর্তমান পর্যায় থেকে কমিয়ে আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম আবার বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।