দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের


জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ঢাকা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট পরিবহন মালিকরা। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এখনো নতুন ভাড়া নির্ধারণ করেনি।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট রুটের বাস মালিকরা বৈঠক করে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নেন বলে পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে।


ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর রুটে চলাচলকারী একটি বাস কোম্পানির মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব রুটের বাস মালিকদের আলোচনায় বর্তমান ভাড়ার সঙ্গে যাত্রীপ্রতি আরও ৫০ টাকা যোগ করার সিদ্ধান্ত হয়েছে। যাত্রী যে গন্তব্যেই নামুন, তার কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।


ভাড়া বাড়ানোর কারণ ব্যাখ্যা করে ওই বাস মালিক জানান, ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে খুলনা গিয়ে একটি বাস আবার ঢাকায় ফিরতে প্রায় ১৪০ লিটার জ্বালানি তেল প্রয়োজন হয়। বিআরটিএর হিসাবে প্রতি ট্রিপে গড়ে ২৮ জন যাত্রী বিবেচনা করা হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে অতিরিক্ত ব্যয় সমন্বয় করতেই যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পরিবহন মালিকদের ধারণা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বিআরটিএ নতুন বাস ভাড়া নির্ধারণ করবে। তবে সেই সিদ্ধান্ত আসতে এক থেকে দুই দিন সময় লাগতে পারে। এ সময়ের মধ্যেই পরিবহন পরিচালনায় বাড়তি জ্বালানি ব্যয় বহন করতে হচ্ছে বলে দাবি তাদের।


বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করার পর সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি হার অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন বাস মালিকদের ওই প্রতিনিধি।


তবে সরকারি সিদ্ধান্তের আগে বাড়তি ভাড়া আদায় করা হলে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধ তৈরি হওয়ার আশঙ্কাও করছেন মালিকরা। এ কারণে বিআরটিএকে দ্রুত নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


এর আগে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ায় সরকার। জ্বালানির নতুন মূল্য কার্যকর হওয়ার পরই বিভিন্ন রুটের বাস মালিকরা ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য