বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন সীমাবদ্ধতা দূর করে সক্ষমতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, বন্দর থেকে রাজস্ব আয় বাড়লে জাতীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
২১ ও ২২ সেপ্টেম্বর যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় সরকারি সফরের অংশ হিসেবে বেনাপোল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় ব্যবসায়ী নেতারা বন্দর ও কাস্টমসের বিভিন্ন সমস্যা ও অনিয়মের অভিযোগ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চান তারা।
ব্যবসায়ীরা বলেন, শুল্ক ফাঁকি ও ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত নন, তারা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ পান, সেটিও নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল দেশের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর এবং রাজস্ব আদায়ে এর বড় ভূমিকা রয়েছে। বন্দরের সীমাবদ্ধতাগুলো সরেজমিনে দেখতেই তিনি সেখানে গেছেন।
তিনি বলেন, ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তা—উভয় পক্ষের বক্তব্য শুনে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। বন্দর থেকে রাজস্ব আয় বাড়লে জাতীয় অর্থনীতি লাভবান হবে। দেশের সব বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন, স্টেনো-টাইপিস্ট শরীফ আহমেদ ও অফিস সহায়ক মো. আরিফ হুসাইন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে বিকেল ৫টার দিকে বেনাপোল পৌর এলাকায় পৌর বিএনপির উদ্যোগে নেওয়া ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপণ করা গাছ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
পরে তিনি উলাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় ঐতিহ্যবাহী তালগাছের চারা রোপণের স্থান ঘুরে দেখেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে যশোরের দিকে রওনা হন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নেয়।