জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর কথা বলেছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় এসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
প্রেসবার্তায় সংগঠনটি অভিযোগ করে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় যাত্রীদের মতামত যথাযথভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো পরিবহন মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করলেও যাত্রী প্রতিনিধিদের আলোচনায় রাখা হচ্ছে না বলে দাবি তাদের।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, ভাড়া বাড়ানোর আগে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন পরিচালন ব্যয় প্রকৃতপক্ষে কতটা বেড়েছে এবং সেই বাড়তি ব্যয় সমন্বয়ে যাত্রীদের কাছ থেকে কত টাকা অতিরিক্ত নেওয়া প্রয়োজন, তার বিস্তারিত ও স্বচ্ছ হিসাব জনসম্মুখে প্রকাশ করা উচিত।
সংগঠনটির অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন মালিকদের ব্যয় সমন্বয়ের বিষয়টি প্রাধান্য পেলেও যাত্রীদের স্বার্থ যথাযথভাবে বিবেচিত হয় না। সরকার ও পরিবহন মালিকদের মধ্যে ভাড়া নিয়ে বৈঠকের পর অনেক সময় সেই সিদ্ধান্তকে সব পক্ষের সম্মতিতে নেওয়া হয়েছে বলে উপস্থাপন করা হয় বলেও দাবি করেছে তারা।
এ পরিস্থিতিতে ভাড়া পুনর্নির্ধারণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং আলোচনায় যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির হিসাব ও প্রস্তাব অনুযায়ী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সমন্বয়ে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানো যেতে পারে।