রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী: পুলিশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯
রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী: পুলিশ



আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে মাকছুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাকছুদাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।


পুলিশের আবেদনে বলা হয়েছে, মাকছুদা ইসলামকে বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে মামলাসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য চলমান তদন্তে সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে মাকছুদা জানিয়েছেন, মামলার আরেক আসামি ওবায়দুর রহমানের প্ররোচনায় গত ১৭ জুন গাজী নজরুল ইসলাম ও মরিয়মের বিয়ে হয়।


মরিয়মের মৃত্যুর সময় নিয়েও প্রতিবেদনে তথ্য উল্লেখ করেছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, মরিয়ম একটি কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর ঘটনা ও মামলায় ওঠা অভিযোগগুলো এখনো তদন্তাধীন।


মরিয়মের ঝুলন্ত মরদেহ রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধারের পর তার বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।


মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।


এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি ওবায়দুর রহমান এখনো পলাতক।


গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি জানান, ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী।


পরে ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য