দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে (১৯) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
দুপুর ২টার পর পুলিশের গাড়িতে করে দুই আসামিকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে তাঁদের আদালতে হাজির করা হলে উভয় পক্ষের শুনানি শেষে গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ঘটনায় রোববার গভীর রাতে মরিয়মের বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে যায় পুলিশ। পরে রাত ১০টার দিকে একটি কক্ষের দরজা ভেঙে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলার অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। অভিযোগের সত্যতা সম্পর্কে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।