বিচারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। তবে মামলার রায় দিতে হবে বিচারকের নিজস্ব বিবেচনা ও বিচারিক প্রজ্ঞার ভিত্তিতে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ‘এআই গভর্নেন্স সামার স্কুল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এআইয়ের ব্যবহার বিচারব্যবস্থায় যেমন সুযোগ তৈরি করছে, তেমনি কিছু চ্যালেঞ্জও তৈরি করেছে। একজন বিচারকও এআইয়ের কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। কোনো ক্ষেত্রে সুষ্ঠু বিচার বা নিরপেক্ষ রায় নিশ্চিত না হলে এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এআইকে নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বিল প্রণয়ন করা হবে। পরে তা জাতীয় সংসদে পাস করা হবে।
আইনমন্ত্রী বলেন, এআইয়ের সুবিধাগুলো কাজে লাগাতে হবে। তবে এর অপব্যবহার যেন না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব বিচারকদের সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।