জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উপস্থিত বিশ্বনেতাদের আলোড়িত করবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেছেন তিনি।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
স্ট্যাটাসে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্ক গেছেন। এ সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।
মুশফিকুল ফজল আনসারী আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের আলোড়িত করবে।
জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এসব বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন রাষ্ট্রদূত মুশফিক।
ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের নিয়েও কথা বলেন তিনি। মুশফিকুল ফজল আনসারী বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের একটি অংশ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এবার তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন বলে প্রত্যাশা করেন তিনি।
স্ট্যাটাসের শেষে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী লেখেন, ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে সবার আগে বাংলাদেশ।