সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ বাস্তবায়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর (২০২৬) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত সভায় সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী।
প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, "তৃণমূল পর্যায়ে প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য পরিবারগুলোকে সরকারি সেবার আওতায় এনে স্বাবলম্বী করে তোলাই ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য। স্বচ্ছতা ও সঠিকভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত তথ্য নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিক ও সকল অংশীদারের সহযোগিতা অপরিহার্য।"
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, "সমাজসেবা অধিদপ্তরের এই উদ্যোগ স্বাবলম্বী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো যোগ্য পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে এবং স্বচ্ছতার সাথে কার্যক্রম সম্পন্ন হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাই।"
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ প্রক্রিয়া সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।