ফরিদপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূকে বেঁধে চুল কাটার অভিযোগ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:২২
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূকে বেঁধে চুল কাটার অভিযোগ


ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। একই ঘটনায় এক যুবককেও আটক করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের বেপারিডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর বয়স ২৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই নারীর বাড়িতে রনি বেপারী (২২) নামে এক যুবককে দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা। পরে দুজনকে আটক করা হয়। পরদিন সকালে ওই নারীর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে একটি ঘরের মাচা থেকে ওই যুবককে টেনেহিঁচড়ে নামাতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা এবং কয়েকজনকে কাঁচি দিয়ে ওই নারীর চুল কাটতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রবাসীর মা দাবি করেন, তাঁর পুত্রবধূর সঙ্গে ওই যুবকের সম্পর্ক রয়েছে। ঘটনার রাতে যুবককে ঘরে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করেন। ঘর থেকে মাদক সেবনের উপকরণ পাওয়ারও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গৃহবধূর চুল কাটার বিষয়ে প্রবাসীর মা বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ জড়ো হন। তবে কারা চুল কেটেছেন, তা তিনি জানেন না।

অন্যদিকে, ভুক্তভোগী নারীর বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রনি বেপারী তাঁদের কাছে এক লাখ টাকা পাওনা ছিলেন। সেই টাকা নিতে রাতে তাঁর মেয়ের বাড়িতে গিয়েছিলেন ওই যুবক।

তিনি অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন মিথ্যা অপবাদ দিয়ে তাঁর মেয়েকে অপমান ও নির্যাতন করেছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য