ঝালকাঠির রাজাপুরে নানা অনিয়মের অভিযোগ পেয়ে ইসলামিক মিশন হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। সোমবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় অবস্থিত ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স ও ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শনে যান তিনি। এ সময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল,ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠি জেলার উপ-পরিচালক আলম হোসেন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এমপির পরিদর্শনে হাসপাতালের নানা অনিয়মের চিত্র ফুটে উঠে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল সাংবাদিকদের জানান, হাসপাতালে সেবার কর্যক্রম পুরোপুরি বন্ধ অবস্থায় পাওয়া গেছে। এদের আল্ট্রাসনোগ্রাফি মেশিন চুরি হয়েছে। এক্স-রে মেশিন ও জরুরি রোগী বহনের অ্যাম্বুলেন্স অচল হয়ে পড়ে আছে। হাসপাতালের শুরু থেকে এখন পর্যন্ত ডক্টর ও স্টাফরা এখানের পড়ে আছে,অন্যত্র বদলি হয়ে যায়নি। এ সময় একটি রেজিস্ট্রার খাতায় তারা দেখিয়েছে আজকে ১৯৩ জন রোগীকে তারা দেখছে এবং ঔসুধ দিছে,কিন্তু কোন কোন রোগের চিকিৎসা তারা দিয়েছে কিংবা কোন কোন সমস্যা নিয়ে এখানে রোগীরা চিকিৎসা নিতে আসছে তার কোনো ডক্যুমেন্টস তারা দেখাতে পারেনি। সরজমিনে একজন রোগীও পাওয়া যায়নি।
এখানকার সকল অনিয়মের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবো।