রাজধানীতে ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে মাঠে ফুটবল খেলার একপর্যায়ে আশরাফুল আফসার ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি উপুড় হয়ে মাটিতে পড়ে যান।
এ সময় মাঠে থাকা অন্যরা দ্রুত তাঁর কাছে ছুটে আসেন। তাঁকে বুকে চাপ দিয়ে সাড়া ফেরানোর চেষ্টা করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আশরাফুল আফসার বিসিএসের ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।