জাতিসংঘে বিশ্বমানুষের মনের কথা বলেছেন তারেক রহমান: রিজভী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২
জাতিসংঘে বিশ্বমানুষের মনের কথা বলেছেন তারেক রহমান: রিজভী


জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের স্বাধীনতা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের দাবি তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জাতিসংঘে দেওয়া বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান তাঁর পরিবারের তিন প্রজন্মের ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেছেন। তাঁর বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন। এবার তাঁদের ছেলে তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, সব দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার নীতি পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন তিনি।

অর্থনৈতিক উন্নয়নসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিশ্বশান্তির প্রয়োজনীয়তা তুলে ধরে রিজভী বলেন, বিশ্বের মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়। যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্য, জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যায়। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, কলকারখানা বন্ধ হয়ে পড়ে এবং বহু মানুষ কর্মসংস্থান হারায়।

বর্তমান সরকারের নির্বাচনী বৈধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি ‘মিডনাইট নির্বাচনের’ মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভীর ভাষ্য, বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে।

জাতীয়তাবাদী ওলামা দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংগঠনটির নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে।

বাংলাদেশকে অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল বা অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও ওলামা দল প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য