সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া, নতুন ভাড়া কত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২
সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া, নতুন ভাড়া কত


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বেড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।


সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় যানবাহন পরিচালনার খরচ বেড়েছে। এ কারণে সংশ্লিষ্ট পরিবহন সমিতিগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।


নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসতে একটি গাড়ির জন্য গুনতে হবে ৯ হাজার টাকা। সাজেকে এক রাত অবস্থানসহ যাওয়া-আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৫০০ টাকা।


এক রাত অবস্থানের পাশাপাশি নির্ধারিত পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার প্যাকেজে ভাড়া পড়বে ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত অবস্থানের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত অবস্থানসহ পর্যটনকেন্দ্র ভ্রমণের প্যাকেজে দিতে হবে ১৫ হাজার টাকা।


সাজেকের বাইরে খাগড়াছড়ির অন্যান্য পর্যটনকেন্দ্র ভ্রমণের ভাড়াও নতুন তালিকায় নির্ধারণ করা হয়েছে। দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত সেতু ঘুরে একই দিনে ফিরে আসতে গাড়িভাড়া লাগবে ৭ হাজার ৫০০ টাকা।


পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা।


এ ছাড়া খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়া-আসার গাড়িভাড়া ৮ হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত অবস্থান করলে অতিরিক্ত দুই হাজার টাকা দিতে হবে।


সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এক দফায় এক হাজার টাকা ভাড়া বাড়ানো হয়েছিল।


খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি এবারও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য