বগুড়ায় তুরস্কের সহায়তায় ড্রোন নির্মাণ কারখানা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 09 Jul 2026, 07:05 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বগুড়ায় তুরস্কের সহায়তায় ড্রোন নির্মাণ কারখানা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়ায় তুরস্কের সহায়তায় ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান সেখানে মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে জেলা হিসেবে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। বগুড়ার উন্নয়ন চাওয়া কোনো অপরাধ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এলাকার উন্নয়নের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে, কোথাও আবার নিজের জমি দিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি বলেও দাবি করেন তিনি।

রাজনৈতিক জীবন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তিনি যতবার নির্বাচনে অংশ নিয়েছেন, কোনোবারই পরাজিত হননি। পারিবারিকভাবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি নিজেও একজন সফল উদ্যোক্তা বলে উল্লেখ করেন।

মোকাতলাকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার দাবির বিষয়ে তিনি বলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর স্থানীয় মানুষের দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিজের পরিবার ও সম্পদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, সমালোচনা এড়াতে তার সন্তানকে ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলেছেন। এছাড়া তার সম্পদ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনী হলফনামায় সব তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া রয়েছে। তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য