গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 07 Jul 2026, 06:03 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী


গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার চলতি বছর থেকেই ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য। এটি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেছে। চলতি মাস থেকে নতুন বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

দেশীয় ওষুধ শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন। দেশের অধিকাংশ ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশের রোগীরাও এসব ওষুধ ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করছেন। এ সাফল্য দেশের ওষুধ শিল্পের সক্ষমতারই প্রতিফলন।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবা খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে সরকার সর্বাত্মক উৎসাহ দিচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্পে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। উপযুক্ত পরিবেশ, কার্যকর নীতিমালা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দেশের উদ্যোক্তারাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারের সব পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য