আমানতকারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ, ‘হেয়ার কাট’ ছাড়াই টাকা ফেরতের আশ্বাস

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 08 Jul 2026, 02:27 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
আমানতকারীদের সুরক্ষায় বড় পদক্ষেপ, ‘হেয়ার কাট’ ছাড়াই টাকা ফেরতের আশ্বাস

সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ব্যাংকের আমানতকারীদের জমা রাখা অর্থ সুদসহ ফেরত দেওয়া হবে এবং কোনো ধরনের ‘হেয়ার কাট’ বা আমানত কর্তনের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন। নোটিশটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।

অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ‘ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এই আইনের আওতায় এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে।

তিনি বলেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো বর্তমানে লোকসানে থাকায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। তবে আমানতকারীদের কোনো অর্থ কেটে নেওয়া হবে না; বরং সুদসহ তাদের আমানত ফেরত দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও জানান, আমানত সুরক্ষা আইনের আওতায় গ্রাহক সুরক্ষার সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি ব্যাংক খাতের অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে বিশেষ ফরেনসিক অডিট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারার আওতায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেশি-বিদেশি সম্পদ ও তহবিল জব্দ, নিলাম বা বিক্রির মাধ্যমে গ্রাহকদের অর্থ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে নয়টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ১১টি মামলার মধ্যে ছয়টি বড় ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে এস আলম, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়েন্ট গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংশ্লিষ্ট গ্রুপ।

নোটিশ উত্থাপনকালে সংসদ সদস্য রেহেনা আক্তার রানু বলেন, সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের প্রায় ৭৫ লাখ আমানতকারী চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি দাবি জানান, আমানতকারীদের টাকায় কোনো ধরনের ‘হেয়ার কাট’ করা যাবে না এবং যারা জনগণের অর্থ আত্মসাৎ করেছে তাদের সম্পদ বিক্রি করে দ্রুত গ্রাহকদের অর্থ ফেরত দিতে হবে।

তিনি বলেন, ব্যাংকে রাখা অর্থ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনের সঙ্গে জড়িত। চিকিৎসা, শিক্ষা, মেয়ের বিয়ে কিংবা বার্ধক্যের সঞ্চয়ের মতো প্রয়োজনীয় কাজে এই অর্থ ব্যবহার হয়। তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য