আগামী অক্টোবর থেকে সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে।
ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে জনগণের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য উৎপাদন, চাষাবাদ ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের বিষয়টি উদ্বেগজনক। এ সমস্যা মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে।
তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি বা বিতর্কিত মন্তব্যের বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না। বিষয়টি অপরাধের আওতায় আনা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলতে পারে বলেও জানান তিনি।