পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ

বিভাগ: আন্তর্জাতিক রিপোর্টার: অনলাইন ডেস্ক 08 Jul 2026, 09:35 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিশ্বাস যুদ্ধবিরতি আর কার্যকর নেই।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।’ তিনি আরও দাবি করেন, ইরানের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক রাখতে চান না এবং দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয় হবে। তার ভাষায়, আলোচকরা যোগাযোগ অব্যাহত রাখলেও তাতে বাস্তব কোনো ফল আসবে বলে তিনি মনে করেন না।

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক হামলা চালায়। এর জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ইরানের নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। তিনি হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনাও উল্লেখ করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার কারণে যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতার গুরুত্বপূর্ণ অংশগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং লেবাননে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে।

আরাগচি আরও বলেন, ইরান তার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখান থেকে হামলা হলে তার উৎসকেও লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনা এবং কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটি তাদের হামলার লক্ষ্য ছিল।

হামলার পর বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য