ব্যবসাপ্রতিষ্ঠান ও সফটওয়্যার ডেভেলপারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন সেবা চালুর ঘোষণা দিয়েছে মেটা। ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ নামের এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে উন্নত এআই মডেল, এআই এজেন্ট ও ক্লাউড প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে চায় ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ঘোষণায় জানান, বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং প্রবৃদ্ধিতে সহায়তা করাই নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তৈরি করা এআই মডেল, এআই এজেন্ট, ক্লাউড অবকাঠামো ও ব্যবসায়িক প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটি সাজানো হয়েছে।
প্রাথমিক পর্যায়ে নিজেদের পূর্ণাঙ্গ প্রযুক্তি কাঠামো উন্মুক্ত করছে মেটা। এতে থাকছে ‘মিউজ এজেন্ট’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ডেভেলপারদের জন্য ‘মিউজ এপিআই’ এবং সফটওয়্যার তৈরিতে সহায়ক ‘মিউজ কোড’।
নতুন এন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনার জন্য চিরন্তন ‘সিজে’ দেশাইকে চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি সরাসরি মার্ক জাকারবার্গের অধীনে কাজ করবেন।
মেটায় যোগ দেওয়ার আগে দেশাই ডেটাবেজ প্রযুক্তি প্রতিষ্ঠান মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ক্লাউডফ্লেয়ারের প্রোডাক্ট ও ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্ব দেন। এ ছাড়া এন্টারপ্রাইজ সফটওয়্যার প্রতিষ্ঠান সার্ভিসনাওয়ে প্রায় আট বছর প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন।
জাকারবার্গের মতে, ক্লাউড অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ও সাইবার নিরাপত্তায় দেশাইয়ের অভিজ্ঞতা নতুন প্ল্যাটফর্মের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেটার এ উদ্যোগের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রমে এআই প্রযুক্তি যুক্ত করার আরও সুযোগ পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।