জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের ১০৮৯ পিলার সংলগ্ন সাতানীপাড়া এলাকা থেকে ৯৭১ পিস ভারতীয় বিভিন্ন প্রসাধনী জব্দ করেছে বিজিবি সদস্যরা। চোরাচালান বিরোধী অভিযানে জব্দ হওয়া এসব প্রসাধনীর মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
৪ অক্টোবর রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির একটি টহলদল। ৫ অক্টোবর সোমবার সকালে প্রসাধনী জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া সীমান্তের ১০৮৯ পিলারের কাছে দিগলকোনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৭১ পিস ভারতীয় প্রসাধনী (কসমেটিকস) জব্দ করে বিজিবি সদস্যরা।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ বিষয়ে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে বিজিবি। ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।