অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 08 Jul 2026, 12:08 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে অনার্স (ডিগ্রি) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। এবার সেই সুযোগ অনার্স পর্যন্ত সম্প্রসারণ করতে চায় সরকার।

বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। একই সঙ্গে মেয়েদের অনার্স বা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংসদের গ্যালারিতে উপস্থিত নারী শিক্ষার্থীরাও অধিবেশন সরাসরি দেখছেন। সরকার শুধু অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করতেই চায় না, বরং যারা ভালো ফলাফল করবে তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।

পরে মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে এসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য