নীলফামারীর কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে দীর্ঘসূত্রতার টালবাহানার প্রতিবাদে ও ১২জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্নের দাবিতে মানববন্ধন করেছেন আবেদনকারী নির্বাচিতরা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ২শতাধিক ডিলার প্রত্যাশিতরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,উপজেলা চাতাল-মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন ইসলাম ডালিম এবং বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব ময়নাসহ অন্যান্যরা। এসময় বক্তাগণ বলেন,খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ শাখার নির্দেশনা অনুযায়ী ২০২৫সালে উপজেলার ৯টি ইউনিয়নের ৫৩টি ডিলারশিপের জন্য ২৫২ জন আবেদনকারীর যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
২০২৬ সালের শুরুতেই খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নতুন ডিলার নিয়োগ শেষ করার কথা থাকলেও দুর্নীতিবাজ উপজেলা খাদ্য কর্মকর্তার যোগসাজশে আর একটি অপশক্তি-দুর্নীতিবাজ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন যাবত ইউনিয়ন পরিষদের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। আমরা এ ব্যাপারে ইউএনও"র সাথে কথা বলছি। আপনি খাদ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ডিলার নিয়োগ করে জনভোগান্তি রোধসহ দুর্নীতিবাজ সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করেন।
তিনি এ ব্যাপারে আশ্বস্ত করার পরও নানা টালবাহানার আশ্রয় নিয়ে আমাদের হতাশ করে ফেলেছে। তাই আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই,আপনি উন্মুক্ত মঞ্চে স্বচ্ছতার (লটারীর) ভিত্তিতে দ্রুত ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন। তা না হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আগামী ১২ জুলাইয়ের মধ্যে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।