‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, গাছের চারা বিতরণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান।
এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ এবং বিআরডিবির বিভিন্ন সমিতির সদস্যরা।
বক্তারা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। একই সঙ্গে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন এবং নারী ও যুবসমাজকে স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিআরডিবির বিভিন্ন সমিতির সদস্যদের মাঝে ১৪ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ এবং সফল সুফলভোগীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।